শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : আদালত সংক্রান্ত কোনো তথ্য দেওয়ায় যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বৈঠকে এই অনুরোধ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল এলআরএফ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আমি মনে করি আপনারা যারা আদালতকেন্দ্রিক রিপোর্টিং করেন, তাদের প্রত্যেকের একটা এক্সপার্টিজ গড়ে উঠেছে। আপনারা নিজেরাই অনেকটা সেলফ সেন্সরশিপ করে থাকেন। আপনারা বুঝে গেছেন, আদালতের কোনো কথা বা প্রসিডিংয়ের বাইরে লিখিত রায় কিংবা আদেশের বাইরে কতটুকু পাবলিকলি যাওয়া উচিত কিংবা না।’
তিনি বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছেন, আদালত নিয়ে কাজ করছেন, তাদের একটা পেশাদারিত্ব তৈরি হয়েছে। আমি মনে করি ল’ রিপোর্টারস ফোরামের সদস্যরা এ ব্যাপারে সতর্ক আছেন এবং থাকবেন।’
আপিল বিভাগে প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন, যাতে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিছুদিন আগেও সিনিয়র আইনজীবীসহ তিনি বিষয়টি বলেছেন। আবারও প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সেক্রেটারি আরাফাত মুন্নার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ।