বাসস
  ২৭ জুলাই ২০২৬, ২০:৪৩

লালমনিরহাটে ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাট, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): জেলার পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, কুপিয়ে গুরুতর জখম এবং অর্থ ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাটগ্রাম উপজেলার উফারমারা সোনারভিটা এলাকার মো. সবুজ মিয়া (পলাতক), হাদীসপাড়া এলাকার মো. রমজান আলী এবং ভাটিয়াবাড়ি এলাকার মো. আরিফুল ইসলাম ওরফে তানজিদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর হয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক বুড়িমারী সড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।

ওই দিন গভীর রাতে ট্রাকটি উদ্ধার করে দেওয়ার কথা বলে আসামিরা ভারতীয় চালক লক্ষ্মীনন্দর সিংকে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যায়।

পরদিন ২২ আগস্ট রাত ৩টার দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এরপর তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে টহল পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রাম পুলিশ সদস্য মো. মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩৬৫ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩৯৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। আদালত রায়ে উল্লেখ করেন, উভয় সাজা একসঙ্গেই কার্যকর হবে। দণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া শুরু থেকেই পলাতক রয়েছেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সামসুল আলম মিলন বলেন, একজন বিদেশি নাগরিককে অপহরণ ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের ঘটনায় আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক বার্তা দেবে।