বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২০:০৩

শিশু সন্তান হত্যার অভিযোগে রিমান্ডে বাবা

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর উত্তরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের কন্যাসন্তানকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ (রোববার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ফয়সাল তাকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেটসংলগ্ন বালুরমাঠ এলাকায় সাত মাস বয়সি শিশু রাফা মনিকে রাস্তায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। ঘটনার পরপরই উপস্থিত জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

অন্যদিকে ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ জুলাই দুপুরে মারা যায় শিশু রাফা মনি। ১৭ জুলাই শিশুটির বাবা কবিরকে একমাত্র আসামি করে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন নানি শারমীন আক্তার।