শিরোনাম

চুয়াডাঙ্গা, ২০ জুলাই ২০২৬ ( বাসস): জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের স্কুলছাত্রী মরিয়মকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে আদালত একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একইসাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ সোমবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, চুয়াডাঙ্গার বিচারক ( জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে মামলার এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মরিয়ম খাতুন কয়েকজন শিশুকে সাথে নিয়ে মাঠে শাক তুলতে যায়। এসময় শাক তুলে দেওয়ার কথা বলে আসামি মরিয়মকে একটি ভুট্টাখেতের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণ শেষে হত্যা করে। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আবুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামে। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
চুয়াডাঙ্গার নারী ও শিশু আদালতের পিপি এমএম শাহজাহান মুকুল জানান, ৩১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।