বাসস
  ২২ জুন ২০২৬, ১৬:৫৩

রংপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রংপুর, ২২ জুন, ২০২৬ (বাসস) : মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ছয়জনকে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের নেতৃত্বে মহানগরের কোতোয়ালি ও পরশুরাম থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে শূণ্য দশমিক চার গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ছয়জনকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. মমিনুল ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২৭), মো. আবুল (৪৩), মো. সুলতান (৪৮), মো. সুরুজ মিয়া (৪২) এবং মো. শহিদুল ইসলাম (৩০)।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন, উপ-পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।