বাসস
  ১৯ জুন ২০২৬, ১৯:১৩

অস্ত্র ও মাদক কারবারি ‘অটো সজল’সহ চারজন রিমান্ডে

ঢাকা, ১৯ জুন, ২০২৬ (বাসস): অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় সজল ওরফে ‘অটো সজল’ ও তার তিন সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

এর মধ্যে অস্ত্র মামলায় চার দিন ও মাদক মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নেওয়া অপর তিনজন হলেন-বাপ্পী, হানিফ ও মোছা. শামসুন্নাহার।

আজ শুক্রবার (১৯ জুন) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য অস্ত্র মামলায় সাত দিন ও মাদক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অস্ত্র মামলায় চার দিন ও মাদক মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গেন্ডারিয়া থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান সোহান বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সজল পুলিশের কাছে স্বীকার করেন, স্বামীবাগের একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুদ রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরিতে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।সজল দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ ও মাদক কারবারের সঙ্গে জড়িত। পেশায় তিনি একটি পরিবহনের হেলপার হলেও আড়ালে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা করে পুলিশ।