বাসস
  ০২ জুন ২০২৬, ১৯:৪৬

ফেনীতে হান্নান হত্যা মামলায় ২ সহোদর গ্রেপ্তার

ফেনী, ২ জুন, ২০২৬ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলার হান্নান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। তারা হলেন, ইয়াসিন আরাফাত রিমন (২২) ও মোহাম্মদ হাসান রাকিব (২০)।

গতকাল সোমবার দিবাগত রাতে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত দুই আসামি ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ঋষ্যমুখ গ্রামের নুর ইসলামের বাড়ির মনির আহম্মদের ছেলে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ২ সহোদরকে হান্নান হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে আনা হলে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মে রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজীর আমজাদহাটে পিটিয়ে আহত করে তারা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়া হলে সেখানে মারা যায় হান্নান। এই ঘটনায় ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।