শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সনি র্যাংগস (র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ তিন জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অপর দু’জন হলেন— সনি র্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনের ভাই ও কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন এবং তাদের মা সাচিমি ওগাওয়ারা হোসেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, একরাম হোসেন ও বিনাস হোসেন এবং অন্যান্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায় যে, একরাম হোসেন ও বিনাস হোসেন এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর/অস্থাবর সম্পদ রয়েছে।
গোপন সূত্রে আরও জানা যায় যে, তাদের এই অবৈধ উপায়ে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তরের পায়তারা করছেন। বিধায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামীয় স্থাবর/অস্থাবর সম্পদ অনাত্র হস্তান্তর/স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে তাদের বিদেশগমণ রহিতকরণ একান্ত প্রয়োজন।