বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭

এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিনের ৪ কোটি ২৭ লাখ টাকার জমি ক্রোক

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দুর্নীতি মামলা চলমান থাকায়, এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা কুমিল্লা জেলায় ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

নাসরিন ইসলাম নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের  স্ত্রী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, নাসরিন ইসলাম কর্তৃক ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখায়, দুদক মামলা দায়ের করেছে। 

তদন্তকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে আসামি তার নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করছেন। 

মামলা নিষ্পত্তির পূর্বে আসামি কর্তৃক অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। বিধায় আসামির নামীয়/দখলে থাকা স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করা আবশ্যক।