বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮

বেবিচক-এর সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর দুই দিনের রিমান্ডে

বেবিচক সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণকাজে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ গত ১০ ফেব্রুয়ারি এই রিমান্ড মঞ্জুর করেন।

১৬ ও ১৭ ফেব্রুয়ারি অথবা তাকে গ্রহণের দিন হতে দুই দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে বিচারক আদেশে উল্লেখ করেছেন। 

এর আগে তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ  তথ্য জানান।

গত ২৮ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক-এর একটি দল তাকে গ্রেফতার করে।

একই দিন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০২৫ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 

মামলায় হাবিবুর রহমান এজহারনামীয় আসামি।