বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৬

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের পদোন্নতি নীতিমালার বৈধতা প্রশ্নে রুল

ফাইল ছবি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের পদোন্নতি নীতিমালা-২০২৫-এর বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা আফসানা মিমি ঝর্নার করা এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাহিদুল ইসলাম সজিব।

রিটের পক্ষের আইনজীবী বলেন, রিট আবেদনকারী ২০১৮ সালে কর্মকর্তা হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। বাংলাদেশ কৃষি ব্যাংক (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ২০০৮ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী পদোন্নতি নীতিমালা, ২০১২ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি ২০২১ সালের ২৬ জুলাই ঊর্ধ্বতন কর্মকর্তা পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেন। তিনি যে বিধি ও আইনের অধীনে চাকরিতে যোগদান করেছেন, সেই বিধানই তার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নীতিমালা, ২০২৫ তার ক্ষেত্রে প্রয়োগ করায় তিনি পদোন্নতির অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।