বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭

অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ, স্ত্রী-মেয়ের প্লট ক্রোক

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : লে. জেনারেল মো. সাইফুল আলমের (অব:) একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়ার তার স্ত্রী-মেয়ের নামে থাকা একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আদালতে দায়েরকৃত আবেদনে বলা হয়, লে. জেনারেল মো. সাইফুল আলম (অব:) কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই পূর্বক অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একই সাথে তার মেয়ে জারিফা বিনতে আলম ও সারাহ জুমানা এবং স্ত্রী লুবনা আফরোজের নামে প্লট ক্রয়ের নিমিত্তে জমাকৃত প্লটের টাকা (রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি) উত্তোলন করে অপরাধলব্ধ সম্পদ গোপন করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ পুনরায় হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সেগুলো উদ্ধারকরণ দুরূহ হয়ে পরবে। তাই, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে নিম্নবর্ণিত ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত আবশ্যক।