বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮

বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচন করতে পারবেন

ফাইল ছবি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী। 

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশে তার প্রার্থিতা বহাল রাখেন।

এর আগে, আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর করা একটি ‘লিভ টু আপিল’ আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

আদেশের পর আসলাম চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের আজকের সিদ্ধান্তের ফলে তার মক্কেলের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই।

তবে জামায়াতের প্রার্থীর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু জানান, একটি বিশেষ শর্তের কথা। 

তিনি বলেন, বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে লড়তে পারলেও তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানু করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।