শিরোনাম

সুনামগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): সুনামগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত ছাতক-দোয়ারাবাজার ২টি উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৫ আসন গঠিত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যত গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব প্রতিশ্রুতির কথা বলেন।
সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচন করছেন জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী। তিনি একাধারে একজন শিক্ষক ও রাজনীতিবিদ। তিনি তার নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার সংকটকালে মানুষের পাশে থেকে কাজ করেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী।
তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মুহাম্মদ আমিনুল হক।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনের প্রতিশ্রুতি কী?
আব্দুস সালাম আল মাদানী: নির্বাচিত হলে এই অঞ্চলের চিকিৎসাসেবা নিশ্চিত করবো। ছাতক উপজেলাকে একটি শিল্পবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলবো। দোয়ারাবাজার উপজেলার ইউনিয়নগুলোতে ১১শত প্রচারসভা করেছি। এইসব এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে। যুব সমাজকে মাদকের হাত থেকে বাচাঁতে খেলাধুলার আয়োজন করতে হবে।
সেজন্য মিনি স্টেডিয়াম নির্মাণ, শিক্ষাব্যবস্থা ও কৃষিব্যবস্থার উন্নয়ন ছাড়া মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা ও কৃষির উন্নয়ন করাতে হবে। সামাজিক ঐক্য, সম্প্রীতির জন্য পর্যটন স্পটগুলোকে আধুনিকায়ন করার মধ্য দিয়ে ইকোটুরিজম করা হবে।
বাসস: নির্বাচনের আচরণবিধি মানার ব্যাপারে আপনার নির্দেশনা কী?
আব্দুস সালাম আল মাদানী: নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। কোন ভাবেই আমাদের নেতা-কর্মীরা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে সেই বিষয়ে কঠোর হতে হবে।
বাসস: গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
আব্দুস সালাম আল মাদানী: দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ছাতকে জামায়াত ইসলামীর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কাজ করছি। এমনকি মাল্টিমিডিয়া প্রচার বাস কর্মসূচির মধ্য দিয়েও ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করছি।
বাসস: আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
আব্দুস সালাম আল মাদানী: আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য দেশ গঠনের নির্বাচনকে সামনে রেখে আমরা পূর্ণ আশাবাদী-ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে। দাঁড়িপাল্লা কেবল জামায়াতে ইসলামীর প্রতীক নয়, এটি ইসলামী ও সমমনা ১১ দলীয় জোটের সমর্থিত প্রতীক। আমরা একটি স্বৈরশাসন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ এর প্রত্যাশা করছি।
এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির, ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক।
সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজারে) মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার, ৪শত ৫৮ জন, পুরুষ ভোটার ২ লাখ, ৭০ হাজার, ৬শত ২০ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার, ৮শত ৩৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।