বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪

প্রান্তিক মানুষদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা হবে: ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্পাদক পয়গাম আলী

ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচনী নানা বিষয়ে কথা বলেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জাকির মোস্তাফিজ মিলু।

বাসস: এলাকার ভোটারদের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি কী?

মো. পয়গাম আলী : আপনারা জানেন বিএনপি জাতীয়ভাবে ৩১ দফা কর্মসূচি এবং জরুরি নির্বাচনী ইশতেহারে ৮ দফা আছে যা জাতীয় পর্যায়ে জনসাধারণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতিকে নির্দেশ করে। এই ৮ দফার মধ্যে আছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ। এনজিওর কাছে নেয়া মা-বোনসহ কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণও সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 

স্থানীয়ভাবে এলাকার ভোটারদের জন্য মহাসচিবের কিছু প্রতিশ্রুতি রয়েছে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও বড় ধরনের কর্মসংস্থানের জন্য বড় বড় শিল্প কলকারখানাসহ কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ। এ কাজটির প্রাথমিক উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। বেজবা কর্মকর্তারা ইতিমধ্যেই এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষা করতে ঠাকুরগাঁও এলাকা পরিদর্শন করেছেন। জমি অধিগ্রহণের জন্য প্রক্রিয়াও শুরু করেছেন। ১২ তারিখের নির্বাচন হয়ে গেলে এটা যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন হবে আর এটার ধারাবাহিকতায় জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বিমানবন্দরটি চালু করা হবে। সেই সাথে জেলার স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশার কারণে ২৫০ সয্যার হাসপাতালে বিনা জমি অধিগ্রহণেই মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে। কৃষি কার্ড এর আগেও ছিল কিন্তু এবার বিএনপি নির্বাচিত হলে যে কৃষি কার্ড দেবে তা ডিজিটাল কৃষি কার্ড যা দিয়ে কৃষক ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি উপকরণ প্রদান, সেচসহ প্রয়োজনীয় কৃষি উপাদান ন্যায্যমূল্যে পাওয়া নিশ্চিত করা হবে। ফ্যামিলি কার্ড দিয়েও প্রান্তিক মানুষদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা হবে। এতে করে আমাদের জেলা কৃষিবান্ধব হয়ে উঠবে। 

এছাড়া একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যা বিগত সরকারের আমলে শুধু অনুমোদন হয়েছে, কখনই আলোর মুখ দেখেনি। বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মধ্য দিয়ে সেটি সম্পূর্ণ করা হবে। এ জেলা নিয়ে বিএনপি মহাসচিবের একটা পরিপূর্ণ ভিশন ও মিশন রয়েছে, যা আধুনিক ঠাকুরগাঁও বাস্তবায়ন করবে।

বিএনপি সেই দল যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করে। আমাদের প্রয়াত নেত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষকদের ২৫ বিঘা জমি পর্যন্ত খাজনা মওকুফ করেছিলেন। একই সাথে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা কী?

মো. পয়গাম আলী : আমাদের প্রতি এলাকায় প্রত্যেক নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্ব পালনকারীদের কাছে আচরণবিধি সরবরাহ করা হয়েছে। দলের নির্দেশ তারা সেটি অক্ষরে অক্ষরে পালন করবে। 

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে দলের অবস্থান কী?

মো. পয়গাম আলী : আমাদের চেয়ারম্যান রংপুরের জনসভায় স্পষ্ট করে বলেছেন বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করা দল, বিএনপি সংষ্কারের দল। এটাতে আর কোনো সন্দেহ নেই, এদেশে যেন কখনই আর স্বৈরাচার ফিরে আসতে না পারে সে ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশা কী?

মো. পয়গাম আলী : আমার প্রত্যাশা এ আসনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি মোতাবেক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এবং আমরা যদি জনসাধারণকে বুঝাতে পারি এবং তারা যদি বুঝতে পারেন তাহলে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয় তারা নিশ্চিত করবেন।

সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনটি। এতে ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন।

আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন। তারা হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ), জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মো. দেলোয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. খাদেমুল ইসলাম (হাতপাখা)।