বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭

মুন্সীগঞ্জকে আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো: মুন্সীগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফকরুদ্দির রাজী

ফাইল ছবি

মুন্সীগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফকরুদ্দির রাজী বলেছেন, এখানকার ভৌগোলিক অবকাঠমো কাজে লাগিয়ে এ আঞ্চলকে আধুনিক ও মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। ঐতিহ্যবাহী আড়িয়ল বিলকে নিয়ে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এ প্রার্থী। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা মো. মঞ্জুর মোর্শেদ। 

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি কী?

ফকরুদ্দির রাজী : আমি দীর্ঘদিন যাবৎ এ এলাকার সাধারণ মানুসের সঙ্গে, তাদের সুখ দুঃখের সঙ্গে থেকেছি। এলাকার শিক্ষা বিস্তারে আমার পরিবার ব্যাপক কাজ করেছে। দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নে কাজ করে আসছি।

শ্রীনগর-সিরাজদিখান উপজেলা রাজধানী ঢাকার নিকটবর্তী অঞ্চল হওয়া সত্বেও ৫৪ বছরে আমাদের এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এলাকার উন্নয়নে  প্রধান প্রতিবন্ধকতা গ্যাস লাইন না থাকা। গ্যাস লাইন না থাকায় এখানে কোন শিল্প কল-কারখানা গড়ে উঠছে না। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে এখানে গ্যাস সংযোগ দেওয়া হবে। এ এলাকাকে শিল্প নগরী হিসেবে গড়ে তুলবো। 

বাসস : নির্বাচনের আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

ফকরুদ্দির রাজী : আমি এবং আমার নেতা-কর্মীরা আচরণবিধি মান্য করছি। আচরণবিধি মেনে চলছি। আচরণবিধি মানার জন্য আমার কর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে। 

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

ফকরুদ্দির রাজী : বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সরকার প্রতিষ্ঠাসহ যে সমস্ত উন্নয়নমূলক কাজের অংশীদার হবো। সে জন্য আমরা গণভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দেবো।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

ফকরুদ্দির রাজী : নির্বাচন ঘিরে প্রশাসনের নিরপেক্ষ ভ’মিকা পালন করার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানে পরিবেশ নিশ্চিত ভালো হবে। জনসাধারণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী শেখ মো. আবদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. আতিকুর রহমান খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মমিন আলী এবং ইনসানিয়াত বিল্পব এর রোকেয়া আক্তার।  

আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৩০৩ জন। এর মধ্যে শ্রীনগরে ২ লাখ ৬৭ হাজার ৯৮৫ জন এবং সিরাজদিখানে ২ লাখ ৭১ হাজার ৩১৮ জন।