বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৯

ইপিজেড নির্মাণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো : বিএনপি প্রার্থী শেখ মো. আবদুল্লাহ

ফাইল ছবি

মুন্সীগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, মুন্সীগঞ্জে বিপুল পরিমান পতিত জমি রয়েছে। সেটাকে কাজে লাগিয়ে এখানে ইপিজেড নির্মাণ করা হবে। এতে এ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

আল মুসলিম গ্রুপের ব্যস্থাপনা পরিচালক ও জেলা বিএনপির সদস্য শেখ মো. আবদুল্লাহ তার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস চাদাবাঁজ মুক্ত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা মো. মঞ্জুর মোর্শেদ।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি কী ?

শেখ মো. আবদুল্লাহ : আমার প্রধান কাজ হবে মুন্সীগঞ্জ-১ আসনকে চাঁদাবাজ ও সন্তাসমুক্ত রাখা। মুন্সীগঞ্জ রাজধানী ঢাকার অতি সন্নিকটে। এখানে উন্নত শিক্ষা ব্যবস্থা নেই। এখানে একটি বিশ্ববিদ্যালয় করা হবে আমার দ্বিতীয় কাজ। যাতে এখানকার শিক্ষার্থীরা নিজ এলাকা থেকে উচ্চতর ডিগ্রী নিতে পারে। এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। যাতে এখানকার রোগীরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। মুন্সীগঞ্জে থেকে চিকিৎসা সেবা নিতে পারে।

বিক্রমপুরের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, টেক্সটাইল গার্মেন্টস মালিক রয়েছেন। এখানে একটি ইপিজেড নিমার্ণ করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে কৃষক কম দামে সার, বীজ ও কৃষি উপকরণ পাবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা পাবে। কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ পাবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করলে দেশ সামনে এগিয়ে যাবে।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

শেখ মো. আবদুল্লাহ : আমি এবং আমার নেতা কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সর্বাত্মকভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলছি। আমার নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে নির্বাচনী আচরণবিধি মেনে চলার।

বাসস  : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

শেখ মো. আবদুল্লাহ : আমার অবস্থান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। আমি এবং আমার নেতা কর্মীরা ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছি।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

শেখ মো. আবদুল্লাহ : আমি আশা করি আগামী সংসদ নির্বাচন সুন্দর, সুষ্ঠু হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো আছে। আরও একটু ভালো করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন আরও সক্রিয় হবে। দেশে ধানের শীষের বিকল্প নেই। জনগণ অপেক্ষায় আছে কখন তারা ধানের শীষে ভোট দেবে।

মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর এ কে এম ফকরুদ্দির রাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. আতিকুর রহমান খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মমিন আলী এবং ইনসানিয়াত বিল্পব এর রোকেয়া আক্তার।  

আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৩০৩ জন। এর মধ্যে শ্রীনগরে ২ লাখ ৬৭ হাজার ৯৮৫ জন এবং সিরাজদিখানে ২ লাখ ৭১ হাজার ৩১৮ জন।