শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নদী ভাঙ্গন রোধ, রাস্তাঘাটের উন্নয়ন, আম শিল্পের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নানান প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং বসবাসযোগ্য একটি আদর্শ শিবগঞ্জ গড়ার কথা উল্লেখ করেন তিনি।
নির্বাচন ঘিরে কথা হয় বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহা. শরিফুল ইসলাম।
বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
শাহজাহান মিঞা : নির্বাচনী প্রতিশ্রতির ক্ষেত্রে প্রতিহিংসার বিষয়টি প্রথমে চলে আসে। আমি ও আমার দল বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি সবসময় সহবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। শিবগঞ্জকে বসবাসযোগ্য একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য এ জনপদের রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করতে চাই। বেকার যুবকদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। মাদকের ছোবল থেকে ছাত্র এবং যুব সমাজকে দূরে রাখতে উপজেলায় খেলার মাঠগুলো সংস্কার করতে চাই।
নির্বাচনে জিতলে উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকশা ইউনিয়নের পদ্মা নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আম শিল্প স্থাপনের সম্ভাবনাকে ব্যবহার করে এবং সোনামসজিদ স্থলবন্দরের আরো উন্নয়ন করে কর্মসংস্থান তৈরি করতে চাই। এছাড়া কৃষকদের ভাগ্য উন্নয়ন, নারীদের অর্থনৈতিক উন্নয়নসহ চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে কাজ করবো ইনশাআল্লাহ।
বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
শাহজাহান মিঞা : নির্বাচনী আচরণবিধি পালনে দলের নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনের আইন যথাযথভাবে অনুসরণ করছি, ভবিষ্যতেও আইন অনুসরণ করে যেতে চাই। তফসিল ঘোষণার পরে পুরোনো ব্যানার-ফেস্টুন ও নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণ করা হয়েছে।
বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
শাহজাহান মিঞা : আমি ও আমার দল সবসময় অন্যায় ও ফ্যাসিষ্টের বিরুদ্ধে। তাই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাচ্ছি। এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটদানে সরকারতো জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাচ্ছে।
বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
শাহজাহান মিঞা : এই আসন থেকে পাঁচবার শিবগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিল। ২০০১ সালের নির্বাচনের পরে দেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। এবার জনগণ তাদের ভোট প্রদানের স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা মুখিয়ে আছে আমাকে ভোট দেওয়ার জন্য। এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন। এ উপজেলায় মোট ১৫৯টি ভোট কেন্দ্র রয়েছে। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৮১ জন। এর মধ্যে ২ লাখ ৫৫ হাজার ৩১৬ জন পুরুষ এবং ২ লাখ ৪৪ হাজার ৮৬৫ জন নারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের রাজশাহী মহানগর আমীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ড. মাওলানা মো. কেরামত আলীকে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হয়েছেন দলটির উপজেলা সভাপতি নবাব মো. শামসুল হুদা। জাতীয় পার্টির জেলা আহবায়ক মো. আফজাল হোসেন প্রার্থী তালিকায় রয়েছেন। নির্বাচনী দৌড়ে আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের জেলা সভাপতি মো. আব্দুল হালিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।
আসনটিতে শীর্ষ দুই প্রতিদ্বন্দী হলেন বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মাওলানা মো. কেরামত আলী।