বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবো : ঠাকুরগাঁও-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী খাদেমুল ইসলাম

খাদেমুল ইসলাম। ফাইল ছবি

ঠাকুরগাঁও, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মো. খাদেমুল ইসলাম অবহেলিত জেলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। 

নির্বাচনী নানা বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন হাতপাখা প্রতীক নিয়ে লড়াই করা এ প্রার্থী। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জাকির মোস্তাফিজ মিলু।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

মো. খাদেমুল ইসলাম : কৃষকদের জন্য ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি উপকরণ প্রদান ও কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবো। এতে করে আমাদের জেলা কৃষিবান্ধব হয়ে উঠবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমার প্রতিশ্রুতি, জেলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা।

এখানকার যুবকরা বেকার হয়ে হতাশায় মাদকাসক্ত হয়ে পড়ছে সে জন্য আমি ইপিজেড নির্মাণ করতে চাই। তাতে করে বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং মাদকের ভয়াবহ কবল থেকে তারা মুক্তি পাবে। এছাড়া একটা বিশ্ববিদ্যালয় এবং একটা কৃষি কলেজ প্রতিষ্ঠা আমার প্রতিশ্রুতি। শিল্পপতিদের যাতায়াতের সুবিধার জন্য পরিত্যক্ত বিমানবন্দরটিকে চালু করে নিয়মিত বিমান চলাচলের ব্যবস্থা করা আমার লক্ষ্য।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

মো. খাদেমুল ইসলাম : নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কিছু আমরা করবো না। নির্বাচন কমিশনের বেঁধে দেয়া আচরণবিধি আমরা মেনে চলবো এবং প্রতিপক্ষের জন্য সম্মানহানিকর কিছু আমরা করবো না যা অনেকেই করে থাকেন।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

মো. খাদেমুল ইসলাম : এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা দেখেছি ৭১ সাল থেকে এই গত ২৪ পর্যন্ত এদেশে যারাই ক্ষমতায় গিয়েছে তারা সবসময় বিরোধী দলকে দমন পীড়ন জুলুমের জন্য সংবিধান কাটাছেঁড়া করেছে। এই ফ্যাসিবাদ যেন পুণরায় দেশে আর ফিরে আসতে না পারে সেজন্য সংষ্কার প্রয়োজন। আর সে জন্য আমরা স্পষ্টত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবং জনসাধারণকেও আহবান জানাবো ‘হ্যাঁ’ ভোট দিতে।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

মো. খাদেমুল ইসলাম : আমার প্রত্যাশা এ আসনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি মোতাবেক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। আমরা যদি জনসাধারণকে বুঝাতে পারি এবং তারা যদি বুঝতে পারেন তাহলে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয় তারা নিশ্চিত করবেন।

সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনটি। এতে ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন।

আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন। তারা হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ), জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মো. দেলোয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. খাদেমুল ইসলাম (হাতপাখা)।