বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪

শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে উন্নতি করাই মূল লক্ষ্য : ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান

ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. জাহিদুর রহমান। ছবি: বাসস

ঠাকুরগাঁও , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. জাহিদুর রহমান বলেছেন, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের উন্নতি করা আমাদের মূল লক্ষ্য।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকার ভোটারদের তিনি দিয়েছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘিরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ধানের শীষ প্রতীকে লড়াই করা জাহিদুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জাকির মোস্তাফিজ মিলু।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
জাহিদুর রহমান : শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান এই তিনটি প্রশ্নে উন্নতি করাটা আমাদের মূল লক্ষ্য। আমার নির্বাচনী এলাকা মূলত কৃষি নির্ভর। তাই কৃষকরা যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান সেটার প্রতি আমরা অগ্রাধিকার দেবো। আমরা এ এলাকায় শিল্প কলকারখানা প্রতিষ্ঠাকে গুরুত্ব দেবো বিশেষ করে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলবো। এতে করে এলাকায় যেমন শিক্ষিত বেকারদের কর্মসংস্থান বাড়বে তেমনি কৃষক তার উৎপাদিত পণ্য সংরক্ষণ, আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারবে। 

এছাড়া আমরা জনশক্তি রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও রেমিট্যান্স বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবো। আমাদের জনসংখ্যার অর্ধেক প্রায় নারী। তাই তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই টেকসই হবে না। আমরা নারী ক্ষমতায়ন, নারীর সমানাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, নারী কর্মসংস্থানের সুব্যবস্থা করাসহ দেশের সার্বিক উন্নয়নে নারীদের পরিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবো।

আমার এলাকায় স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা দুর্বল, এক্ষেত্রে আমরা স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রয়াস নেবো, উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের বেডের সংখ্যা বাড়াবো। সরকারি চিকিৎসা সেবা রোগীদের বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি মতো ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এর মাধ্যমে সারা দেশের মতো ঠাকুরগাঁও-৩ এলাকার মানুষদের জীবনমান বৃদ্ধি ও সমৃদ্ধির দিকে আমাদের অগ্রযাত্রা নিশ্চিত করা হবে।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
জাহিদুর রহমান : আমরা নেতা-কর্মীদের সম্পূর্ণ নির্দেশনা দিয়েছি, কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আইন মেনে চলতে হবে। আমরা পরিষ্কার ইন্সট্রাকশন দিয়েছি, কেউ যেন এমন কিছু না করে যেটা আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
জাহিদুর রহমান : জুলাই সনদ প্রশ্নে রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে আমাদের অবস্থান জানিয়েছেন। আমরা জুলাই সনদে স্বাক্ষরকারী দল। তবে জনসাধারণ স্বাধীনভাবে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে প্রয়োগ করবেন।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
জাহিদুর রহমান : অনেক আত্মত্যাগ, লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনটি পেয়েছি। দীর্ঘ ১৭ বছর এদেশ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পায়নি, তাই আসছে নির্বাচন ও জাতীয় সংসদ আমাদের কাছে, জনসাধারণের কাছে, রক্তের অক্ষরে গড়া স্বাধীনতা ও মুক্তির মতো। এর মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে এগিয়ে নেবো, দেশকে চিরতরে স্বৈরাচারমুক্ত করবো। 

এদেশে প্রতিষ্ঠিত হবে আমাদের স্বপ্নের, সমৃদ্ধির, মানবতার, সাম্যের, অসাম্প্রদায়িক, নারী-পুরষ সমানাধিকারের। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও ২৪ এর জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আমাদের জনসাধারণের পরিপূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও দেশকে নিজের পায়ে দৃড়ভাবে দাঁড়ানো দেখতে চাইলে চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের প্রিয় মহাসচিবের নেতৃত্বে ধানের শীষকে ভোট দিয়ে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।

ঠাকুরগাঁও-৩ নম্বর আসনটি পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে রয়েছে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৬১ লাখ ৪৪ জন।