বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২১

ডাটাবেজের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: এনসিপি প্রার্থী নাবিলা

নাবিলা তাসনিদ। ফাইল ছবি

সাভার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নির্বাচনী এলাকায় বেকার যুবক-যুবতীদের জন্য একটি ডাটাবেজ তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা’কে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি’র প্রার্থী নাবিলা তাসনিদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মিথ্যা কথায় বিশ্বাসী নই। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাদের যে পরিকল্পনাগুলো আছে, সেগুলোই আমরা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছি।’

নাবিলা তাসনিদ আরও বলেন, আমরা এ অঞ্চলে একটি কৃষি বান্ধব ইকো সিস্টেম গড়ে তুলতে চাই। আমরা চাই বেকারত্ব দূর করতে। 

দেশী-বিদেশী বিনিয়োগ আনতে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, যেখানে কাজ করার প্রাধান্য পাবে যুব তরুণ-তরুণীরা। আমরা ধামরাইয়ের বেকার যুবক-যুবতীদেরকে নিয়ে একটি ডাটাবেজের মাধ্যমে প্রোফাইল তৈরি করতে চাই, যেখানে তাদের আগ্রহ আর অভিজ্ঞতার বিষয় থাকবে। আর সেই আলোকে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আধুনিক হাসপাতাল নির্মাণের কথা উল্লেখ করে এনসিপি এই প্রার্থী বলেন, আমরা এখানে একটি কারিগরি শিক্ষার হাব করতে চাই, যেখানে তরুণদের উন্নয়নে কাজ করা হবে।

নাবিলা তাসনিদ আরও  বলেন, নির্বাচনী আচরণবিধি পালনে দলীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

তবে তিনি অভিযোগ করেন বলেন, ‘নির্বাচনী আচরণবিধি আমরা যথাযথভাবে পালন করলেও, বড় দলগুলো তা পালন করছে না।’ 

এ বিষয়ে তিনি নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। 

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জোটের সিদ্ধান্ত আমরা হ্যাঁ এর পক্ষে। আমি নিজের শাপলা কলির ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর ভোটও চাইছি। 

তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আমরা কাজ করছি।

১২ ফেব্রুয়ারী নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে এখনই নির্বাচন আচরণবিধি পালনের ক্ষেত্রে যে সব অনিয়ম আমরা লক্ষ্য করছি, জানি না নির্বাচনের দিন আমাদের কী কী ফেইস করতে হয়।’ 

এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানান। 

এনসিপি’র ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ছাড়াও এ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপি’র মো. তমিজ উদ্দিন, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি’র প্রার্থী আহসান খান, দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস-এর মো. আশরাফ আলী, ঈগল প্রতীক নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টি’র হেলাল উদ্দিন আহাম্মদ এবং মোটর গাড়ী (কার) প্রতীক নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ-এর আরজু মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধামরাই উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সংসদীয় আসন ঢাকা-২০ এ  ভোটার রয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। 

এই আসনে মোট ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন এবং পুরুষ ভোটার রয়েছে জন ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন। 

এছাড়াও এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। 

এ আসনে পোস্টালে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করছেন ৫ হাজার ৬৯৫ জন ভোটর।  

১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত সংসদীয় এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৭টি ও ভোট কক্ষ রয়েছে ৭১০টি।