বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ ভালো করবো: বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী

শাহজাহান আলী তালুকদার। ছবি : বাসস

বগুড়া, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) ইসলামী আন্দোলন বাংলাদেশএর প্রার্থী মো. শাহজাহান আলী তালুকদার বলেছেন, এলাকাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা করবো।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি তার পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন। আশাবাদ ব্যক্ত করেছেন, মানুষ যদি ভোট দেওয়ার পরিবেশ ও সুযোগ পায় তবে তিনি এ আসনে ভালো ফলাফল করবেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাল্টিমিডিয়া প্রতিবেদক নাছির আহমেদ।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

শাহজাহান আলী তালুকদার : আলহামদুলিল্লাহ, নির্বাচন প্রতিশ্রুতি বলতে সাধারণত প্রত্যেকটা এলাকায় কিছু কমন সমস্যা রয়েছে। বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং জুয়া, এলাকা থেকে আমরা এগুলো দূর করার চেষ্টা করবো। যেহেতু এসব কাজের সঙ্গে আমাদের সংগঠন জড়িত নয়, ফলে এসব আমরা সহজে উচ্ছেদ করবো বলে আমরা মনে করি।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

শাহজাহান আলী তালুকদার : আমরা চেষ্টা করেছি নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি পেয়েছি, তারাও যেন একশো পারসেন্ট আচরণবিধি মেনে চলে—এভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে এখন পর্যন্ত আমাদের দ্বারা কোনো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়নি বা আমরা কোনো কারো কাছ থেকে (অভিযোগ) পাইনি।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

শাহজাহান আলী তালুকদার : আমরা জুলাই সনদের পক্ষে। যেহেতু চব্বিশে জুলাইয়ের পর বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি, এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আমরা মনে করি এদেশে আর কোনো নতুন করে ফ্যাসিস্ট জন্ম নেবে না বা ফ্যাসিস্টরা কোনো ক্ষমতায় আসতে পারবে না। এ জন্য আমরা জুলাই সনদের পক্ষে কাজ করছি এবং হ্যাঁ ভোটের পক্ষেও প্রচারণা চালাচ্ছি।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

শাহজাহান আলী তালুকদার : এই জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। মানুষ যাকে ভালো মনে করবে তাকে যেন ভোট দেওয়ার পরিবেশ এবং সুযোগ পায়। এটা হলে আমার বিশ্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের ও হাতপাখার প্রার্থী হিসেবে আমি এখানে ভালো করতে পারবো ইনশাআল্লাহ।

বগুড়া-৩ আসনটি আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. শাহিনুল ইসলাম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শাহজাহান আলী তালুকদার (হাতপাখা)।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বগুড়া-৩ (আসন নং- ৩৮) সংসদীয় আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। আসনে মোট ভোট কেন্দ্র ১১৮টি।