বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯

বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই: বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মহিত

আব্দুল মহিত তালুকদার। ফাইল ছবি

বগুড়া, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং গত দেড় দশকের বৈষম্য দূর করাই মূল লক্ষ্য।

এছাড়া এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের ব্যাপক উন্নয়ন করার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাল্টিমিডিয়া প্রতিবেদক নাছির আহমেদ।

বাসস : আপনার স্থানীয় ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
আব্দুল মহিত তালুকদার : আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফাই মূলত আমাদের অঙ্গীকার। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বৈষম্যের শিকার। বগুড়ার হওয়ার কারণে আমাদের সন্তানদের চাকরি হয়নি, এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা এই বিভক্ত সমাজ ভেঙে উন্নয়ন ও শান্তির ধারা ফিরিয়ে আনতে চাই।

এছাড়া এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের ব্যাপক উন্নয়ন করা হবে। বগুড়ার তরুণরা জানে, অতীতে বগুড়ার নাম শুনলেই তাদের চাকরি থেকে বাদ দেওয়া হতো। তাই এবার প্রায় শতভাগ তরুণ ভোটার ধানের শীষের পক্ষে রায় দিয়ে এই ক্ষোভের জবাব দেবে।

বাসস : নির্বাচনী আচরণবিধি সম্পর্কে দলের নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
আব্দুল মহিত তালুকদার : নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। আমি আইন প্রণেতা হতে যাচ্ছি, তাই আইন মানা আমার এবং আমার কর্মীদের জন্য বাধ্যতামূলক। নির্বাচনী আচরণবিধি মেনে চলাই আমাদের প্রধান কর্তব্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ম মেনে একটি সুশৃঙ্খল প্রচারণা চালানোর জন্য।

বাসস : জুলাই সনদসহ গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
আব্দুল মহিত তালুকদার : জুলাই সনদের ব্যাপারে আমাদের দল ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আছি। দলের প্রধান নিজেই এই সনদে স্বাক্ষর করেছেন এবং মতামত দিয়েছেন, সুতরাং এখানে দ্বিধা-দ্বন্দ্বের কোনো সুযোগ নেই।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
আব্দুল মহিত তালুকদার : আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মানুষ শান্তিপ্রিয়। দীর্ঘ সংগ্রামের পর সুষ্ঠু নির্বাচনের যে সুযোগ তৈরি হয়েছে, আমরা তা নষ্ট হতে দেব না। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে এবং এলাকায় শান্তির সুবাতাস বইবে।

বগুড়া-৩ আসনটি আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. শাহিনুল ইসলাম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শাহজাহান আলী তালুকদার (হাতপাখা)।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বগুড়া-৩ (আসন নং- ৩৮) সংসদীয় আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। আসনে মোট ভোট কেন্দ্র ১১৮টি।