বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭

বেকারত্ব দূর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করবো : নওগাঁ-১ আসনে জামায়াত প্রার্থী

নওগাঁ-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। ছবি: বাসস

নওগাঁ, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বলেছেন, এলাকার জনসাধারণের জন্য নানা পরিকল্পনা রয়েছে।

সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। এ ৩টি উপজেলা ভারত সীমান্ত ঘেঁষা। আসনটিতে নিজেদের অবস্থান তৈরিতে তৎপর জামায়াত। এ আসনে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী মানুষ বসবাস করে। অতীতের বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব ভোটাররা বেশ ফ্যাক্টর। 

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
অধ্যক্ষ মাহবুবুল আলম : এ এলাকার জনসাধারণের জন্য নানা পরিকল্পনা রয়েছে। আমাদের এ আসন কৃষি প্রধান হওয়ায় কৃষকরা যেন ফসলের ন্যায্যমূল্য পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকরা যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল ফলাতে পারে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আর শিক্ষিত ছেলে মেয়েরা লেখাপড়া শেষ করে যেন বেকার না থাকে, এ জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। অর্থাৎ বেকারত্ব দূর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করবো। শিক্ষিত বেকারদের জন্য ইউনিয়ন ও উপজেলায় আইসিটি সেন্টার করা হবে। 

এতে তারা দক্ষতা অর্জন করে দেশে ও বিদেশে গিয়ে চাকরি করতে পারবে। এছাড়া সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি উপজেলার হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও আধুনিকায়ন করা হবে। নওগাঁ-১ আসনে অসংখ্য রাস্তাঘাট এখনো কাঁচা রয়েছে সেসব রাস্তাঘাট পাকা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
অধ্যক্ষ মাহবুবুল আলম : জামায়াতে ইসলামী সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছি। এছাড়া নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি মেনে চলছি। বিশেষ করে গণভোটের জন্য জনসাধারণকে সচেতনতা বাড়াতে কাজ করছি।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
অধ্যক্ষ মাহবুবুল আলম : এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
অধ্যক্ষ মাহবুবুল আলম : নওগাঁ-১ আসনের জনসাধারণের প্রতি প্রত্যাশা তারা আমাকে বিপুল ভোটে জয়লাভ করাবেন।

নওগাঁ-১ আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ, জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী।

এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৮০ জন ও নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ৪ জন।