বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২১

‘জাল যার, জলা তার’ নীতির বাস্তবায়ন করতে চাই : নাটোর-৩ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী

মো. খলিলুর রহমান। ফাইল ছবি

নাটোর, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নাটোর-৩ (সিংড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খলিলুর রহমান চলনবিলে ‘জাল যার জলা তার’ নীতির বাস্তবায়ন করতে চান। সবাইকে নিয়ে মডেল সমাজ গড়তে চান।

মো. খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সহ সভাপতি। এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য পাঁচ প্রার্থী হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মো. আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র এস এম জার্জিস কাদির (শাপলা কলি), জাতীয় পার্টির মো. আশীক ইকবাল (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন পাশা (ফুটবল) এবং মো. দাউদার মাহমুদ (ঘোড়া)।

এ আসনে শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খলিলুর রহমান। তিনি নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
মো. খলিলুর রহমান : জনগণের সঙ্গে আছি, তাদের সুখে-দুখে থাকতে চাই। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। সবাইকে সঙ্গে নিয়ে মডেল সমাজ গড়তে চাই।

চলনবিল অধ্যুষিত সিংড়া অসংখ্য খাল-বিলে পরিপূর্ণ। আগে আমরা দেখেছি, শক্তি যার খাল তার, শক্তি যার বিল তার। এই অবস্থার উত্তরণ ঘটিয়ে ‘জাল যার জলা তার’ নীতির বাস্তবায়ন করতে চাই।

বিগত সময়ে আমরা দেখেছি, ভারী বর্ষণে বিলে জলাবদ্ধতা তৈরী হয়। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমি চলনবিলের জলাবদ্ধতা নিরসনে নিষ্কাশন ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে চাই। এছাড়া সঠিক সময়ে কৃষকদের সার ও বীজ সরবরাহ করে চলনবিলের ফসল উৎপাদন নিশ্চিত করতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
মো. খলিলুর রহমান : আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণার কাজ করছি। দলের নেতা-কর্মীদের একই নিদের্শনা দিয়েছি। তারাও নিয়মের মধ্যে থাকছেন। ভবিষ্যতে আচরণবিধি অনুসরণ করেই আমাদের যাবতীয় কাজ পরিচালিত হবে।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
মো. খলিলুর রহমান : জুলাই সনদের আইনী ভিত্তি বাস্তবায়নে আমরা অনেক আগে থেকেই সোচ্চার। এখনো আমাদের একই অবস্থান। নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে হাতপাখার ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
মো. খলিলুর রহমান : এখনো পর্যন্ত প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবেই তাদের দায়িত্ব পালন করছেন। এই অবস্থান অব্যাহত থাকলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হলে ভোটারবৃন্দ ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে।

নাটোর-৩ আসন সিংড়া উপজেলার একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১১৮টি ভোট কেন্দ্র। আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ২৬ হাজার ৮৭২ জন। এর মধ্যে এক লাখ ৬৪ হাজার ৮৭ জন পুরুষ, এক লাখ ৬২ হাজার ৭৮১ জন নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খলিলুর রহমান (হাতপাখা) ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য পাঁচ প্রার্থী হলেন বিএনপির অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু (ধানের শীষ), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এস এম জার্জিস কাদির (শাপলা কলি), জাতীয় পার্টির মো. আশীক ইকবাল (লাঙ্গল), স্বতন্ত্র মো. দেলোয়ার  হোসেন পাশা (ফুটবল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. দাউদার মাহমুদ (ঘোড়া)।