শিরোনাম

বরগুনা, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার (বামনা-পাথরঘাটা ও বেতাগী) উপজেলা নিয়ে বরগুনা ২ আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বেকার যুবকদের কর্মসংস্থান, বিষখালী নদীর উপর ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
এছাড়াও কৃষির উন্নয়ন ও জেলেদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি তার এ অঙ্গীকারের কথা জানান।
বরগুনা-২ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বরগুনার বাওয়াল কর পীর মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)।
কাসেমী একাধারে একজন শিক্ষাবিদ, রাজনীতিবীদ, সংগঠক এবং সফল উদ্যোক্তা। তিনি বর্তমানে সফলতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানসহ কয়েকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
তার সাক্ষাৎকার নিয়েছেন বরগুনা জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান।
বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
মিজানুর রহমান কাসেমী: এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। বিশেষ করে যে সব জেলেরা সাগরে গিয়ে নিহত হন, তাদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। এলাকায় কোলেস্টোরেজ ও অটো রাইস মিল নির্মাণ এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করা হবে।
এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য কেন্দ্র পাথরঘাটা অঞ্চলের জেলদেরকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সমুদ্র থেকে নিরাপদে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য আহরণ করে উপযুক্ত মূল্যে বিক্রয় নিশ্চিত করা করা হবে। বেতাগী বামনা পাথরঘাটার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করার ইচ্ছে আছে। এছাড়া ঐতিহাসিক ইকো ট্যুরিজম স্পট পাথরঘাটার হরিণঘাটায় আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করব।
বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
মিজানুর রহমান কাসেমী: আমাদের নেতাকর্মীদের স্পষ্ট বলে দিয়েছি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য। কোনোভাবেই তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে না।
বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
মিজানুর রহমান কাসেমী: জুলাই সনদে গণভোট সংবিধান সংস্কারের জন্য। আমরা এই গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবো। আমরা গণসচেতনতায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার প্রচারণা করছি।
বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
মিজানুর রহমান কাসেমী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এটাই আমার প্রত্যাশা। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অবশ্যই কাম্য।
বরগুনা ২ আসনে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরগুনা-২ আসনের সাবেক তিন বারের এমপি মণি, (ধানের শীষ), জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ডাক্তার সুলতান আহমদ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মুফতি মিজানুর রহমান কাসেমী (হাতপাখা), জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি (আম), বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন (কাঁঠাল), বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ (ডাব), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এম ডি এম থেকে সৈয়দ মো. নাজিস আফরোজ (সিংহ), ও স্বতন্ত্র থেকে মোহাম্মদ রাশেদ উদজামান (জাহাজ)।
বরগুনা জেলার (পাথরঘাটা-বামনা ও বেতাগী) উপজেলা নিয়ে বরগুনা-২ আসন গঠিত। দক্ষিণ উপকূলীয় জেলা বরগুনার কোন উপজেলায় যেতে হলে একমাত্র নদীপথেই যেতে হবে শুধু বেতাগী উপজেলা ছাড়া। ২০০৮ সালের আগে বেতাগী উপজেলাটি বরগুনা-১ আসনের অন্তর্ভুক্ত ছিল। এবং পাথরঘাটাও বামনা উপজেলা নিয়ে বরগুনা-২ আসনটি গঠিত ছিল। ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সীমানা পুনঃনির্ধারণের পর বেতাগী উপজেলাকে বরগুনা-২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা - ৩ লাখ ৩৪ হাজার ৮০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ৩০৪ জন, নারী ভোটার -১ লাখ ৬৮ হাজার ৪৯৬ জন। মোট ভোটকেন্দ্র -১২২ টি। তিনটি উপজেলা ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটি।