বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬

দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করবো : জয়পুরহাট-২ আসনে জামায়াত প্রার্থী রাশেদুল আলম

এসএম রাশেদুল আলম। ফাইল ছবি

জয়পুরহাট, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এসএম রাশেদুল আলম বলেছেন, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন তৈরি করবো। 

জেলার উন্নয়নের ব্যাপারে আশাবাদী এসএম রাশেদুল আলম। নির্বাচনের নানা বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জয়পুরহাট জেলা সংবাদদাতা মাসুদ রানা।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

এসএম রাশেদুল আলম : আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলবো। মাদকমুক্ত যুবসমাজকে নৈতিকতার প্রশিক্ষণ দিয়ে কর্মের ব্যবস্থা করে দেব। নারীদের অধিকার আদায়ে কাজ করবো। সকল ধর্মের মানুষদের নিয়ে নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার মাধ্যমে কাজ করবো। এলাকায় কৃষি নির্ভর কারখানা স্থাপন এবং এলাকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

এসএম রাশেদুল আলম: নির্বাচনে আমি এবং আমার দল সর্বক্ষেত্রে আচরণবিধি মেনে চলবো। কোনোভাবেই যেন এর ব্যত্যয় না ঘটে সে বিষয়ে আমরা সকলে সতর্ক থাকবো।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

এসএম রাশেদুল আলম : গণভোটে সঙ্গত কারণেই আমি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। আগামীতে যেন ফ্যাসিবাদ বা স্বৈরাচার তৈরি না হয়। বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা সকলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

এসএম রাশেদুল আলম: একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি। বিগত দিনের সকল নির্বাচনের চেয়ে এবার ভোট হবে উৎসবমুখর। প্রত্যাশা, এবারের নির্বাচন মানুষ আগামী ১০০ বছর স্মরণে রাখবে।

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জয়পুরহাট জেলা ৫টি উপজেলা নিয়ে গঠিত। এ জেলায় ২টি সংসদীয় আসন আছে। 

জয়পুরহাট সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলা নিয়ে সংসদীয় আসন-৩৪ বা জয়পুরহাট-১ আসন। অপরদিকে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-৩৫ বা জয়পুরহাট-২ আসন।

জয়পুরহাট-২ আসনটি ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১০৪টি ভোটকেন্দ্র। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন। নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রার্থী সাবেক সচিব ও ঢাকার ডিসি আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসএম রাশেদুল আলম ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এস এ জাহিদ।