বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৭

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিলেন চাঁদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী হারুন

মোহাম্মদ হারুনুর রশিদ। ছবি : বাসস

চাঁদপুর, ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

মো. হারুনুর রশিদ বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবো। হাটবাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক নির্মূলে কাজ করবো।

মোহাম্মদ হারুনুর রশিদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক। তিনি ২০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

তার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন বাসসের চাঁদপুর জেলা সংবাদদাতা আব্দুস সালাম আজাদ জুয়েল। 

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনি প্রতিশ্রুতি কী? 

হারুনুর রশিদ : বিগত ১৬-১৭ বছর আমরা ও আমাদের নেতাকর্মীরা ভোট দিতে পারিনি। নির্বাচন উপলক্ষে এ বছর আমাদের দলীয়ভাবে অনেকগুলো প্যাকেজ আছে। সেই প্যাকেজের আলোকে আমরা জনসম্মুখে আমাদের প্রতিশ্রুতিগুলো প্রকাশ করব। 

ভোটারদের প্রতি আমার প্রতিশ্রুতি হলো, আমার দলের ইশতেহার অনুযায়ী নারী শিক্ষা, কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য ফার্মার্স কার্ড এবং এলাকার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করবো। 

এ ছাড়াও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে যুব সমাজকে নিয়ে কাজ করবো। পাশাপাশি নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।  ফরিদগঞ্জে কোনো কারখানা নেই। তাই ফরিদগঞ্জের আশেপাশেই একটা অর্থনৈতিক জোন করারও পরিকল্পনা আমাদের রয়েছে। এতে এলাকায় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাসস : নির্বাচনি আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

হারুনুর রশীদ : আমাদের দল যারা করে তারা আসলে একটু ভদ্র টাইপ হয়। তারা সবাই আচরণবিধি মেনে চলেন। আমার দলের নেতাকর্মীরা মাথা সবসময় ঠাণ্ডা রেখে কাজ করেন।

কেউ কিছু না বললে আমরা কাউকে কিছু বলি না। সর্বোপরি আমরা চাই ভোটের পরিবেশটা সুন্দর থাকুক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। প্রশাসনকে বলবো, অন্য প্রার্থীরা কোথায় কি করছে সেদিকে সঠিকভাবে নজর রাখতে। তারা যদি কোনো সমস্যা কোথাও না করে তাহলে আমাদের নেতাকর্মীরা কখনোই কোথাও কোনো সমস্যা সৃষ্টি করবে না। সব সময় শান্ত থাকবে। স্বচ্ছ ও সুন্দর পরিবেশ পেলে সাধারণ ভোটাররা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি আশা প্রকাশ করছি।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?

হারুনুর রশিদ : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে দলীয় নির্দেশনা রয়েছে। সেই মোতাবেক আমরা সঠিক সময়ে জনগণকে বুঝিয়ে দেবো। তখন তারা সঠিক কাজটি করবেন।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি ? 

হারুনুর রশিদ : গত ১৬-১৭ বছরে ওরা বাংলাদেশে যেভাবে কাজ করেছে, মনে হয়েছে আমরা একটা জেলখানায় আছি। আমরা বুক ফুলিয়ে চলতে চাই, মানুষের হাসি খুশি অবস্থা দেখতে চাই। সাধারণ মানুষ কী অবস্থায় আছে আমরা সেটা দেখতে চাই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনি পরিবেশ পেলে এদেশের জনগণ ধানের শীষকে ভোট দেবে বলে আমার বিশ্বাস।

চাঁদপুর-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অন্যান্যরা হলেন, গণফোরামের মো. মুনীর চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আব্দুল মালেক, স্বতন্ত্র মো. আবদুল হান্নান ও জাকির হোসাইন, জাতীয় পার্টির মাহমুদ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মকবুল হোসাইন।   

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৬৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৯৯ হাজার ৮৮৭ এবং নারী ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৩৮৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৮ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৭৩৭ টি।