বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

ইউক্রেনের খারকিভে বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলির আকস্মিক সফর

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) :  হলিউড তারকা ও মানবিক সহায়তাকর্মী অ্যাঞ্জেলিনা জোলি ইউক্রেন সফরের সময় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি বক্সিং ক্লাবে আকস্মিকভাবে উপস্থিত হন। 

সোমবার ইউক্রেনের বক্সিং ফেডারেশন ও ক্লাবটির মালিক এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অভিনেত্রী জোলি অতীতে শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তিনি অন্তত দুবার সফর করেছেন।

ইউক্রেনের বক্সিং ফেডারেশন প্রকাশিত একটি ছবিতে জোলি ও তার ছেলে নক্সকে একটি বক্সিং জিমে দেখা যায়।

ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, ‘খ্যাতিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি খারকিভের স্পাদকোয়েমেটস বক্সিং ক্লাব পরিদর্শন করেছেন।’

পোস্টে আরও বলা হয়, ‘তার ছেলে নক্স ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে ক্লাবে মুয়াই থাই প্রশিক্ষণে অংশ নেয়।’

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। ২০২২ সালের শুরুতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই রুশ বাহিনী শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়ে আসছে।

বর্তমানে শহরটি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রায় প্রতিদিনের লক্ষ্যবস্তু।

স্পাডকোয়েমেটস ক্লাবের মালিক পাভলো চিশকো বলেন,  এটি এআইও নয়। সম্পূর্ণ আকস্মিকভাবেই অ্যাঞ্জেলিনা জোলি আমাদের জিমে এসেছিলেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত।

চিশকো আরও বলেন, ‘তিনি আমাদের প্রশংসা করে জানান যে আমাদের জিমটি তার ভালো লেগেছে। 

আমরাও তাকে ধন্যবাদ জানাই। পরে তিনি আমার ছেলেকে জিজ্ঞেস করেন, সে কতদিন ধরে খেলাধুলা করছে।’

তিনি আরও বলেন, ‘এটাই আসল ভদ্রতা। তার ছেলেও ঠিক একই রকম। এটি সত্যিই দারুণ ছিল!’