বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১২:২৪

যুদ্ধের মধ্যেই ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আজ তেহরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রোববার এক বিবৃতিতে বলেন, মুনির একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ সফর হবে ‘ইরান-পাকিস্তানের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ’।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ সফর অঞ্চলে শান্তি ও নিরাপত্তা সুসংহত করতে পাকিস্তানের চলমান প্রচেষ্টারও অংশ।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ থামাতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুনে দেশটি একটি সমঝোতা স্মারক সম্পাদনে মধ্যস্থতা করেছিল। তবে বর্তমানে শান্তি আলোচনা কার্যত থমকে আছে।

চলতি মাসের শুরুতে পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। কয়েকজন বিশ্লেষক বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য ছিল ইরানের প্রভাব মোকাবিলা করা।