শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে শনিবার এক বিস্ফোরক হামলায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দামেস্কের গ্রামাঞ্চলের মারুনাহ-আল-তাল সড়কে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা সানা আরও জানায়, হামলার তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সানা ক্ষতিগ্রস্ত বাসটির কয়েকটি ছবিও প্রকাশ করেছে। এতে সড়কের পাশে পড়ে থাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত একটি বাস দেখা যায়। বাসটির জানালা ও একটি দরজা বিস্ফোরণে উড়ে গেছে। সামনের আসনে কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়।
২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার ইসলামপন্থী কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। দামেস্ক ও এর আশপাশের এলাকায় এ সময়ে একাধিক হামলা হয়েছে।
আগস্টের শুরুতে দামেস্কের কাছে খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়ের বসবাসের শহর জারামানায় একটি বাসে বিস্ফোরণে ১৪ জন আহত হন।
জুলাইয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছে দুটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সময় তিনি সেখানে ছিলেন না।
ওই বিস্ফোরণে একজন নিহত ও ৩৬ জন আহত হন। পরে কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তারা ইসলামিক স্টেট গোষ্ঠীর সদস্য বলে জানানো হয়।