বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ১৩:৪৬

পাল্টা শুল্ক ঘোষণার পর কানাডার বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা আক্রমণ

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস): বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি| এর পরিপ্রেক্ষিতে রোববার কানাডার বিরুদ্ধে ফের পাল্টা আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ‘কানাডা একটি রাজ্য হওয়ার সুবিধা ভোগ করতে চায়, কিন্তু রাজ্য হতে চায় না!’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|

তিনি বলেন, ‘তারা বহু বছর ধরে আমাদের মহান কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে| আর নয়!’

কার্নি শনিবার ঘোষণা করেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর নতুন কানাডীয় শুল্ক কার্যকর হবে| এর আওতায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও দুগ্ধশিল্পকে লক্ষ্যবস্তু করা হবে|

এদিকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন ৫০ শতাংশ মার্কিন শুল্ক শনিবার থেকে কার্যকর হয়েছে| এটি কানাডার যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৫ দশমিক ৫ শতাংশের সমান|