বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১২:১২

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আলাস্কার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আলাস্কার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত কেপ নিউেনহ্যাম এলাকায় দীর্ঘপাল্লার রাডার স্থাপনার বিমানবন্দরে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত বিমানটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছে অবতরণ করে নিশ্চিত করেছেন কেউ বেঁচে নেই।

বিমানে থাকা ব্যক্তিরা কী কাজের জন্য ওই রাডার স্থাপনায় গিয়েছিলেন, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। ওই রাডার স্থাপনাটি আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আলাস্কার কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

আলাস্কার কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যেসব জনগোষ্ঠীর সেবা করি, তাদের জন্য এক ভয়াবহ ক্ষতি।’

লেফটেন্যান্ট জেনারেল ডেভিস আরও বলেন, ‘কঠিন ও প্রতিকূল পরিবেশে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নিবেদিতপ্রাণ পেশাজীবী ছিলেন।’