শিরোনাম

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : চেক প্রজাতন্ত্র থেকে শুক্রবার রাতে আসা একটি ছোট উড়োজাহাজ ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর জাদারের কাছে বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্রোয়েশিয়ার পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উড়োজাহাজটির সঙ্গে রাডার বা যোগাযোগের সংকেত হারিয়ে যাওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সতর্কবার্তা দেওয়া হয়। এরপর নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে অভিযান শুরু হয়।
পরে জাদার শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে পাকলেনিৎসা ন্যাশনাল পার্কের পাহাড়ি এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, রাত প্রায় ১০টার দিকে ক্রোয়েশিয়ান মাউন্টেন রেসকিউ সার্ভিসের সদস্যরা নিখোঁজ আল্ট্রালাইট উড়োজাহাজটির সন্ধান পান। এ সময় উড়োজাহাজটির ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ভোরে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।