শিরোনাম

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা নিজের বাড়িতে মার্কিন পতাকা উড়িয়েছেন এক ফিলিস্তিনি-আমেরিকান।
ওই অবরোধের বিষয়ে যুক্তরাষ্ট্র আবারও সমালোচনা করায় বিশ্বজুড়ে নিন্দা জোরালো হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে কুসরায় তিনটি বাড়ির একটির মালিক লুয়াই আবু রিদি। বসতি স্থাপনকারীরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাসিন্দাদের ঘরের ভেতর আটকে রাখে। খাবারসহ কোনো ধরণের সরবরাহও তারা ঢুকতে দেয়নি। এ অবস্থায় সোমবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে নিজের বাড়ি থেকে ফিরে আসেন তিনি।
ফিলিস্তিনি ভূখণ্ডের কুসরা এলাকা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার নিজের বাড়ির বাইরে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ান আবু রিদি। তিনি বলেন, এ বিষয়ে মার্কিন দূতাবাসকে তার বিষয়টি তুলে ধরতে বলেছেন।
নিজের বাড়ির ভেতর থেকে আবু রিদি এএফপির সাংবাদিকদের বলেন, ‘পশ্চিম তীরে কী ঘটছে, যুক্তরাষ্ট্রের সব আমেরিকানকে তা দেখানোর জন্য এটি আমার বার্তা। বসতি স্থাপনকারীরা কীভাবে আমাদের অবরুদ্ধ করে রেখেছে এবং পশ্চিম তীরে আমার নিজের বাড়িটি দখলের চেষ্টা করছে, তা তারা দেখুক।’
যুক্তরাষ্ট্রের চাপে ইসরাইলি সামরিক বাহিনী গত সপ্তাহে জানায়, বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সেনারা তাদের তাঁবু সরিয়ে দেয় এবং একজন ইসরাইলিকে আটক করে। তবে বসতি স্থাপনকারীরা বারবার পায়ে হেঁটে কিংবা যানবাহনে করে সেখানে ফিরে আসে।
সেনাদের বিষয়ে আবু রিদি বলেন, ‘বসতি স্থাপনকারীরা অবাধে আমার বাড়িতে ঢোকে এবং তারা কিছুই করছে না।’
‘এমনকি তারা বসতি স্থাপনকারীদের সঙ্গে হাত মেলায়। মনে হয় যেন তারা বন্ধু।’
বিরল মার্কিন সমালোচনা
সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর হয়রানি ও হামলা বাড়িয়েছে। প্রায়ই তাদের লক্ষ্য থাকে ফিলিস্তিনিদের সম্পত্তি দখল করা।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার ইহুদি ডানপন্থিদের সমর্থিত বসতিগুলোকে আরও জোরালোভাবে সমর্থন করে আসছে। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একজন ইভানজেলিক্যাল যাজক। তিনি দীর্ঘদিন ধরে বসতি স্থাপনকারীদের সমর্থন করে আসছেন। তবে কুসরার অবরোধের বিষয়ে তিনি বিরল সমালোচনা করেছেন এবং ইসরাইলকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার রাতে ইসরাইলি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে হাকাবি বলেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব নাগরিকদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
চ্যানেল ১৩-কে হাকাবি বলেন, কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেখতে চাই।
তিনি বলেন, ‘যেসব ফিলিস্তিনি পরিবার তাদের বাড়ির মালিক ও ভয় ছাড়া নিজেদের সন্তানদের বড় করার অধিকার রাখে, তাদের জন্য এটি ন্যায়সংগত নয়।’
রাষ্ট্রদূত হওয়ার আগে হাকাবি ‘ফিলিস্তিনি’ শব্দটি ব্যবহারের বিষয়টিও প্রত্যাখ্যান করেছিলেন।
চরমপন্থী বসতি স্থাপনকারীদের বিষয়ে হাকাবি বলেন, ‘এই ক্ষুদ্র সংখ্যালঘুর লোকেরা যদি মনে করে তারা নিজেদের উদ্দেশ্যের জন্য ভালো কিছু করছে, তাহলে তারা ভয়াবহ ভুল করছে।’
আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত বসতিগুলোতে পশ্চিম তীরে প্রায় পাঁচ লাখ ইসরাইলি বসবাস করছে। সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাস করে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে রেখেছে।