বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৯:৪৭

সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : সুইস আল্পসে ৩৪ বছর আগে তারা নিখোঁজ হওয়া দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ পাওয়া গেছে। ট্রিফট হিমবাহ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি ওয়ালিস ক্যান্টন পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানায়, সুইজারল্যান্ডের দক্ষিণে ইতালি সীমান্তের কাছে হিমবাহটিতে গত ২৬ জুলাই দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেন এক পর্বতারোহী। পরিচয় শনাক্ত করতে মরদেহ দুটি সিওনের ওয়ালিস হাসপাতালের ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ডিএনএ প্রোফাইল সরাসরি মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, মরদেহ গুলো ১৯৯২ সালে ওয়েইসমিস অঞ্চলে নিখোঁজ হওয়া দুই পর্বতারোহীর।’

নিখোঁজ হওয়ার সময় দুই বেলজিয়ান পুরুষের বয়স ছিল যথাক্রমে ৩৯ ও ৪১ বছর।

ওয়ালিস পুলিশ ১৯২৫ সাল থেকে নিখোঁজ ব্যক্তিদের একটি তালিকা সংরক্ষণ করে আসছে। তালিকায় থাকা অধিকাংশ মানুষই উঁচু পাহাড় ও নদী এলাকায় নিখোঁজ হয়েছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলার গতি বেড়েছে। এতে দীর্ঘদিন, এমনকি কয়েক দশক ধরে বরফের নিচে আটকে থাকা পর্বতারোহীদের মরদেহও বেরিয়ে আসছে।

গত বছর ওয়ালিসের ওবার গ্যাবেলহর্ন পর্বতের একটি হিমবাহে ১৯৯৪ সালে নিখোঁজ হওয়া এক সুইস পর্বতারোহীর হাড়-গোঁড় পাওয়া যায়।