শিরোনাম

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় আরও এক-তৃতীয়াংশ রুশ প্রতিষ্ঠান ও সংস্থাকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস । সোমবার জার্মান সংবাদপত্র ডি ভেল্ট এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০২২ সালে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ২১ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
ডি ভেল্টকে কাল্লাস বলেন, ‘শরৎকালের জন্য আমি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ব্যাপক নিষেধাজ্ঞার তালিকা প্রস্তাব করছি।’
তিনি বলেন, প্রস্তাবটি অনুমোদিত হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান ও সংস্থার মোট সংখ্যা এক-তৃতীয়াংশ বেড়ে যাবে।
ইইউর সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর কয়েক সপ্তাহ আগে রাশিয়ার বিরুদ্ধে একটি তুলনামূলকভাবে শিথিল নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদিত হয়। কয়েকটি সদস্য দেশ কঠোর কিছু পদক্ষেপের বিরোধিতা করায় দীর্ঘ আলোচনার পর প্যাকেজটি চূড়ান্ত করা হয়েছিল। এর কয়েক সপ্তাহ পরই তিনি এসব মন্তব্য করলেন।
কাল্লাস দাবি, এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা থেকে ১ ট্রিলিয়ন ইউরোরও বেশি অর্থের ক্ষতি হয়েছে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান ইইউর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।