বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১২:৫১

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন সরকার ও বিরোধীদের আলোচনার প্রথম পর্ব শেষ

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র কর্তৃক দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ও বিরোধী দল বুধবার আলোচনার প্রথম পর্ব শেষ করেছে। আলোচনার মূল লক্ষ্য ছিল দেশকে পুনর্মিলনের পথে এগিয়ে নেওয়া।

উভয় পক্ষের জারি করা একটি যৌথ বিবৃতিতে বেশ কয়েক দিনের আলোচনার পর দুটি বিষয়ে ঐকমত্যের কথা তুলে ধরা হয়েছে। বিষয়গুলো হলো- বিচার বিভাগের সংস্কার এবং ভূমিকম্প পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য জব্দকৃত তহবিল মুক্ত করা।

বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ ‘বিচার ব্যবস্থার সংস্কার সহায়ক একটি প্রক্রিয়া শুরু করতে’ প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে রয়েছে সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস (টিএসজে)-এর সাংবিধানিক আইনের সংস্কার। টিএসজে ২০২৪ সালের মাদুরোর পুনর্নির্বাচনকে বৈধতা দিয়েছিল, যদিও গুরুতর জালিয়াতির অভিযোগ ছিল এবং আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়নি।

২৪ জুনের ভয়াবহ দুটি ভূমিকম্পে ৬,৩০০ জনেরও বেশি নিহত হওয়ার প্রেক্ষাপটে উভয় পক্ষ যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডে রাখা ভেনেজুয়েলার আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ মুক্ত করার জন্য কাজ করতে সম্মত হয়েছে।

যৌথ বিবৃতিতে তহবিল সঠিকভাবে ব্যবহারের জন্য ‘স্বচ্ছতা, শনাক্তকরণযোগ্যতা ও নিরীক্ষার ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করেছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ। ডেলসি রদ্রিগেজ ছিলেন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট, তবে ওয়াশিংটনের সমর্থনে তিনি দেশ পরিচালনা করছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করেছেন।  

বিরোধী পক্ষের প্রতিনিধিত্ব করেছেন ২০১৫ সালের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রাজনৈতিক ব্লকের নেতা দিনোরা ফিগুয়েরা।

নির্বাসিত বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো আলোচনায় অংশ নেননি, তবে তিনি প্রক্রিয়ায় বাধা দেবেন না বলে জানিয়েছেন।

অনেক ভেনেজুয়েলাবাসী আশা করছেন এ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফিগুয়েরা আলোচনার ছয় দিনে রাজনৈতিক বন্দি, অবসরপ্রাপ্ত ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন এবং তাদের দাবির পক্ষে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘আমরা একটি গণতান্ত্রিক ও মুক্ত ভেনেজুয়েলা অর্জনের জন্য এ প্রক্রিয়ায় আছি’।

কারাকাসের হোটেলের বাইরে যেখানে আলোচনা হচ্ছিল, সেখানে বিরোধী সমর্থকরা জড়ো হয়েছিলেন।

একজন বিরোধী প্রতিনিধি বলেন, অন্তর্বর্তী সরকারকে নিকারাগুয়ার দমনমূলক প্রশাসনের সঙ্গে তুলনা করেছেন, যেটিকে যুক্তরাষ্ট্র একনায়কতন্ত্র বলে মনে করে। তিনি আরো বলেন, বিরোধী প্রতিনিধিদল একে সহজভাবে নেয়নি বরং এই সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, সংস্কারের পর নতুন নির্বাচন কমিশন গঠিত হলে তবেই নির্বাচন ঘোষণা করা হবে। সন্ত্রাসবাদ ও ভিন্নমত দমনের আইনগুলোও সংস্কার প্রয়োজন, কারণ এগুলো অতীতে রাজনৈতিক বন্দিদের নিপীড়নে ব্যবহৃত হয়েছে।

প্রতিনিধি এএফপিকে বলেন, ‘মাচাদোকে বিরোধী দলের নেতা হিসেবে দেখা হয়। তিনি সেই কণ্ঠস্বর, যাকে ভেনেজুয়েলাবাসী নিজেদের বলে মনে করে’।

কিছু বিশ্লেষক মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প মাচাদোর ভেনেজুয়েলায় ফেরার ওপর ভেটো দিয়েছেন, যদিও ওয়াশিংটন তা অস্বীকার করেছে। ট্রাম্প বারবার রদ্রিগেজ প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।