শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের মেমফিস শহরের প্রধানত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বক্সটাউন এলাকায় বাতাসে পচা ডিম ও পোড়া আবর্জনার মতো দুর্গন্ধ হচ্ছে। সেখান থেকে মাত্র কয়েক মাইল দূরে একটি বিদ্যুৎকেন্দ্র স্পেসএক্সএআইয়ের একটি ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করছে।
টেনেসি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় এ ধরনের ডেটা সেন্টার দ্রুত গড়ে উঠছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এআই প্রযুক্তির জন্য বিপুল কম্পিউটিং ক্ষমতার চাহিদা মেটাতে দ্রুত নির্মাণ করা এসব ডেটা সেন্টার এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বিরোধিতার মুখে পড়ছে।
মেমফিসের বক্সটাউনের পাশের একটি এলাকায় বসবাসকারী কিশোরী জেসমিন বার্নার্ড গত দুই বছর ধরে ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহকারী গ্যাসচালিত টারবাইনের বিরুদ্ধে আন্দোলন করছেন। তাঁর অভিযোগ, এসব টারবাইন থেকে নির্গত দূষিত ধোঁয়া আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ছে।
দক্ষিণ মেমফিসের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বক্সটাউনের কারখানাগুলোর দূষণের শিকার। ১৮৬৩ সালের দাসপ্রথা বিলোপ ঘোষণার পর মুক্ত দাসেরা বক্সটাউন প্রতিষ্ঠা করেছিলেন।
এ এলাকায় ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি জাতীয় গড়ের তুলনায় চার গুণ বেশি।
১৭ বছর বয়সী বার্নার্ড এএফপিকে বলেন, ‘বক্সটাউন ও পুরো দক্ষিণ মেমফিসের এই জনগোষ্ঠী ঐতিহাসিকভাবেই পরিবেশগত অবহেলার শিকার। এর সঙ্গে এই এলাকার ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। শত শত বছর ধরে এটি একটি কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর আবাসস্থল।’
মেমফিস কমিউনিটি অ্যাগেইনিস্ট পলিউশন বা দূষণবিরোধী সম্প্রদায়ের সহপ্রতিষ্ঠাতা কিশন পিয়ারসন ডেটা সেন্টারগুলোর পরিবেশগত ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি বক্সটাউনের পরিস্থিতিও তুলে ধরছেন। তাঁর অভিযোগ, স্থানীয় কর্মকর্তারা এই এলাকাকে কার্যত অবহেলা করেছেন।
পিয়ারসনের ভাষায়, স্পেসএক্সএআইয়ের প্রধান ইলন মাস্কের প্রথম বিশাল এআই সুপারকম্পিউটার স্থাপনা ‘কলোসাস-১’ হলো অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পর নির্বাচিত জনপ্রতিনিধিরা কীভাবে স্থানীয় মানুষের কথা না শুনে সিদ্ধান্ত নেন, তার ‘একটি আদর্শ উদাহরণ’।
তিনি বলেন, ‘তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হতে যাওয়া জনগোষ্ঠী বা মানুষের কথা শোনেন না, তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়ও যুক্ত করেন না।’
পিয়ারসনের পেছনে একটি সাইনবোর্ডে লেখা আছে ‘ব্যক্তিগত সম্পত্তি’। দূরে দেখা যায় প্রায় ১০টি টারবাইন এবং বিশাল কয়েকটি গুদাম, যেখানে এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) রাখা হয়েছে।
এএফপি এ বিষয়ে জানতে চাইলে স্পেসএক্সএআই এ কোনো মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের মোবাইল টারবাইনগুলোতে উন্নত নির্গমন নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে তারা কাজ করছে।
কোম্পানিটি বলেছে, ‘বর্তমান পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, স্থানীয় বায়ুর মান পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) নির্ধারিত মান পূরণ করছে বা তার চেয়েও ভালো রয়েছে।