বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৫:০৬

শিশুদের টিকা সূচি পুনর্বিন্যাসে ট্রাম্পের নির্বাহী আদেশ

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে স্কুলে টিকা বাধ্যতামূলক করার নীতি পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন এবং হাম, মাম্পস ও রুবেলা (এমএমআর) টিকাকে পুনরায় তিনটি পৃথক ইনজেকশনে বিভক্ত করার নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বহু চিকিৎসা বিশেষজ্ঞ এ পদক্ষেপকে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের জন্য টিকা নিয়ন্ত্রণ করা একটি প্রধান অগ্রাধিকার ছিল। তিনি একটি টিকা-বিরোধী অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে টিকাদান ও অটিজমের মধ্যে একটি অপ্রমাণিত যোগসূত্র প্রচার করে আসছেন।

ফেডারেল সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই এমন অনেক ক্ষেত্রেই এ আদেশ প্রযোজ্য নয়। উদাহরণস্বরূপ, স্কুলে ভর্তি ও উপস্থিতির জন্য টিকা বাধ্যতামূলক করার ক্ষমতা রাজ্য সরকারের হাতে। ফলে ট্রাম্পের পদক্ষেপ অনেকাংশে পরামর্শমূলক।

আদেশে বলা হয়েছে, ‘রাজ্য ও অঞ্চলগুলোকে স্কুলে ভর্তি ও উপস্থিতির মতো প্রসঙ্গে টিকা সংক্রান্ত শর্তাবলী পুনর্বিবেচনার’ আহ্বান জানানো হচ্ছে।

আরেক অংশে বলা হয়েছে, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ একটি টাস্কফোর্স গঠন করবে যাতে এমএমআর টিকা পৃথকভাবে দেওয়া যায়, তবে একই সঙ্গে যৌথ টিকা ও চিকিৎসকের পরামর্শে দেওয়া অন্যান্য টিকার প্রাপ্যতা নিশ্চিত থাকবে।

নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার আলিস্টার মার্টিন এ আদেশকে ‘রাজনীতি ও ষড়যন্ত্র তত্ত্বভিত্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সৌভাগ্যবশত টিকা সংক্রান্ত সুপারিশ প্রেসিডেন্ট নির্ধারণ করেন না, করা উচিতও নয়।

বহু বছরের ক্লিনিক্যাল প্রমাণ এমএমআর যৌথ টিকার নিরাপত্তা নিশ্চিত করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলেছেন, যৌথ টিকা শিশুদের দ্রুত সুরক্ষা দেয় এবং অভিভাবকদের জন্য একাধিক অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা কমায়।

তবুও ট্রাম্প হোয়াইট হাউসে স্বাক্ষর অনুষ্ঠানে এ বিষয়ে উসকানিমূলক ও অপ্রমাণিত বক্তব্য দেন।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস (এএপি)-এর সভাপতি অ্যান্ড্রু রাসিন সাংবাদিকদের বলেন, পৃথক টিকা অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় লাগবে।

এএপি সংক্রামক রোগ কমিটির সদস্য অ্যারন এম. মিলস্টোন বলেন, আমরা পরামর্শ দিচ্ছি শিশুদের সেই টিকাই দেওয়া হোক, যার নিরাপত্তা নিয়ে দশকের পর দশক প্রমাণ রয়েছে।

দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাব :

সিনেটর বিল ক্যাসিডি চিকিৎসক এবং কেনেডির বিতর্কিত নিয়োগে গুরুত্বপূর্ণ ভোট দিয়েছিলেন, এক্স-এ পোস্ট করে বলেন, প্রেসিডেন্টের উদ্যোগ কেবল ‘টিকা নিয়ে দ্বিধা বাড়াবে এবং শিশুদের কম নিরাপদ করবে।’

তিনি বলেন, ‘এই নির্বাহী আদেশ ভুল। প্রেসিডেন্টের এ পরিবর্তন আনার মতো দক্ষতা নেই। টিকা অত্যন্ত নিরাপদ। টিকা কার্যকর। টিকা অটিজম সৃষ্টি করে না।’

ট্রাম্প প্রশাসনের টিকা নীতি পুনর্বিন্যাসের প্রচেষ্টা এ বছরের শুরুতে আদালত স্থগিত করে। আদালত চিকিৎসা সংস্থাগুলোর পক্ষে রায় দেয়, যারা বলেছিল প্রশাসনের পদক্ষেপ আইনবিরুদ্ধ।

সোমবারের আদেশ এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রে গত ৩৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাব চলছে এবং শিশুদের স্কুলে ফেরার প্রস্তুতি চলছে।

স্বাস্থ্য সচিব কেনেডি টিকা-বিরোধী প্রচারণা চালিয়ে সংকটকে আরও তীব্র করেছেন বলে অভিযোগ রয়েছে।

যদিও সাম্প্রতিক জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান এখনো টিকার পক্ষে। নির্বাচনের আগে ট্রাম্প ও কেনেডি টিকা-বিরোধী বক্তব্য কিছুটা কমালেও সোমবারের পদক্ষেপ প্রমাণ করে, তারা এখনো টিকা ও অটিজমের মিথ্যা সম্পর্ককে স্বাস্থ্যনীতির মূল অংশ হিসেবে ধরে রেখেছেন।

বহু বছরের গবেষণা এ সম্ভাব্য সম্পর্ককে সম্পূর্ণভাবে খণ্ডন করেছে।