বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১২:১২

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ায় দেশটিতে তেল উৎপাদন বাড়ানোর মার্কিন পরিকল্পনা হুমকির মুখে পড়েছে। 

এর মধ্যেই সোমবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাত মাস আগে সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির দায়িত্ব নেন রদ্রিগেজ। বর্তমানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন। ট্রাম্প ভেনেজুয়েলার তেলশিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জনাথন গ্রিনস্টেইন এবং সন্ত্রাসবাদে অর্থায়ন ও আর্থিক অপরাধ বিষয়ক সহকারী মার্কিন অর্থমন্ত্রী জনাথন বার্কের সাথে বৈঠক করেন।

বৈঠকে ‘জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আর্থিক ব্যবস্থাগুলো পুনরায় সচল করার’ বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুতের দেশ ভেনেজুয়েলা। তবে বর্তমানে দেশটি প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে। কয়েক দশক আগে দেশটির দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৩০ লাখ ব্যারেল।

বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে চলা দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশটির তেল উৎপাদন ব্যাপক ভাবে কমে গেছে।

অন্যদিকে ক্ষমতাসীন চাভিস্তাপন্থী দলের নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলা সরকার এই সংকটের জন্য যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাকে দায়ী করে আসছে।

মাদুরোর পতনের পর ওয়াশিংটন ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর মধ্যে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বাণিজ্যের ওপর থাকা নিষেধাজ্ঞাও রয়েছে। তবে পুরো প্রক্রিয়ার ওপর যুক্তরাষ্ট্র এখনও কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে।