বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১২:০৯

গোলান মালভূমিতে ইসরায়েলের দাবি স্বীকৃতি দিল কলম্বিয়া

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : কলম্বিয়ার নতুন কট্টর-ডানপন্থী সরকার সোমবার গোলান মালভূমিতে ইসরায়েলের দাবিকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার কাছ থেকে এ অঞ্চল দখল করে এবং ১৯৮১ সালে একে সংযুক্ত করে নেয়।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ ছিল যারা ইসরায়েলের এ সংযুক্তিকে স্বীকৃতি দিয়েছিল।

শুক্রবার ক্ষমতায় আসা কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ স্বীকৃতি ঘোষণা করে। একই দিনে পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত ও বহু মানুষ আহত হয়।

এক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়া সরকার এ ভূখণ্ডে ইসরায়েলের সার্বভৌমত্ব এবং বহিঃশত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিচ্ছে।

জাতিসংঘের মতে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড, যা ইসরায়েলি সামরিক বাহিনী দখলে রয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘ভালো বন্ধু’ আখ্যা দিয়ে এ স্বীকৃতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কলম্বিয়ার বারাঙ্কিয়া শহরে এস্প্রিয়েলার অভিষেকের আগের দিন এ বিষয়ে দুজনের মধ্যে সমঝোতা হয়।

সার এক্স-এ পোস্ট করে বলেন, ‘ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমিতে টিকে থাকার জন্য প্রতিরক্ষাযোগ্য সীমান্ত অপরিহার্য।’

গত মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পুনরায় বলেন, গোলান মালভূমি সিরিয়ার অংশ এবং ইসরায়েলি দখল ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

এস্প্রিয়েলার বামপন্থী পূর্বসূরি গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং কলম্বিয়ায় ইসরায়েলি অস্ত্র আমদানি বন্ধ করেন।