বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১১:১৪

ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ: এএফপি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ পর ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কর্তৃপক্ষ শহরের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র এগিয়ে আসার বিষয়ে সতর্ক করেছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপির সাংবাদিকরা জানান, তাঁরা বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর পরপরই কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজধানী ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার’ মুখে পড়েছে।

ক্লিৎসকো জানান, শহরের শেভচেঙ্কিভস্কি জেলায় জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত একজন আহত হয়েছেন।

বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষণ আগেই কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে জাপোরিঝঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন।

টেলিগ্রামে ফেদোরভ বলেন, ‘রুশ বাহিনী শিল্প স্থাপনা ও অবকাঠামোয় হামলা চালিয়েছে। একটি গ্যারেজ কমপ্লেক্স এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া যুদ্ধে আরও উত্তর কোরীয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সীমিত। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম।

এদিকে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর পিএসি-৩ ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী মিসাইলের সংকট আরও তীব্র হয়েছে।’

অন্যদিকে ইউক্রেনও সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত রুশ শহরগুলোতে হামলা বাড়িয়েছে।