শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : সংগঠিত অপরাধ দমনে আইনগত সংস্কার অনুমোদনের জন্য কংগ্রেসে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এটি তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতিও ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হত্যা ও অপহরণের ঘটনা বেড়েছে। এর জন্য ভেনেজুয়েলার ‘ত্রেন দে আরাগুয়া’র মতো বিদেশি অপরাধী চক্রের উপস্থিতিকে দায়ী করা হচ্ছে। তবে এরপরও চিলি ল্যাটিন আমেরিকার সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি।
সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
৬০ বছর বয়সী কট্টর ডানপন্থী আইনজীবী কাস্ত গত মার্চে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় অপরাধ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর অঙ্গীকার করেছিলেন।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে কাস্ত বলেন, ‘৩০টিরও বেশি বিল রয়েছে। এর কিছু ইতোমধ্যে কংগ্রেসে রয়েছে। এসব আইন চিলিতে সংগঠিত অপরাধ মোকাবিলার পদ্ধতিই বদলে দেবে।’
তিনি আরো জানান, আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু বিল কংগ্রেসে জমা দেওয়া হবে।
২০২৫ সালে দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে হত্যার হার দাঁড়ায় ৫ দশমিক ৪ জনে। যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ।
কাস্ত জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের ‘সাংবিধানিক দায়িত্ব’ হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি সংবিধান সংশোধনের প্রস্তাব আনবেন।
অপরাধ দমনে দ্রুত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে পড়ে দায়িত্ব নেওয়ার মাত্র ৬৯ দিনের মাথায় নিজের প্রথম নিরাপত্তামন্ত্রী, সাবেক কৌঁসুলি ত্রিনিদাদ স্টেইনার্টকে পদত্যাগ করতে বলেন কাস্ত।