বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৫:৫০

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলে বুধবার ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস এ তথ্য জানায়।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে ছোট দ্বীপ সারাঙ্গানির দক্ষিণ-পশ্চিমে ৩২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সারাঙ্গানি দ্বীপের উদ্ধারকর্মী হার্লি সৌরো বলেন, সরকারিভাবে আর্থিক সহায়তা বিতরণের সময় বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হয়, আর ঠিক তখনই ভূমিকম্পটি আঘাত হানে।

তিনি বলেন, ‘কম্পনটি বেশ শক্তিশালী ছিল। আমি মানুষকে আতঙ্কিত হতে দেখেছি। তারা দৌড়াচ্ছিল এবং চিৎকার করছিল।’

তিনি আরো জানান, ‘আমাদের মূল্যায়ন ও অভিজ্ঞতার ভিত্তিতে মনে হচ্ছে, এতে হতাহত বা ক্ষয়ক্ষতি তেমন হবে না।’

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে।

এর আগে গত ৮ জুন কাছের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে, ভূমিধসের ঘটনা ঘটে এবং অন্তত ৭৬ জন প্রাণ হারান।