শিরোনাম

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার এ ঘটনার পর জাহাজটির ক্রু সদস্যের সবাইকে ইয়েমেনের কোস্টগার্ড উদ্ধার করেছে।
ইয়েমেনের জলসীমার কাছে ‘বিনাউস্কানিতে’ জাহাজটিতে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ইয়েমেনের সরকার এ হামলার জন্য ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সাবা।
গত মাসে হুথিরা বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ-অবরোধ ঘোষণা করে। এরপর থেকে তারা তেলবাহী জাহাজ ও জ্বালানি অবকাঠামোয় কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।
দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মোখার ওই কর্মকর্তা জানান, হোদেইদা বন্দরনগরীর দক্ষিণে হামলার মুখে পড়ে এমএসভি ফাইজে নূরে অলিয়া জাহাজটি। পরে এটি ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জন ভারতীয় ও একজন ইয়েমেনিসহ সব নাবিককে উদ্ধার করা হয়েছে।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইয়েমেনের জলসীমার কাছে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনা উস্কানিতে এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্ব বাণিজ্যিক নৌপরিবহনে কর্মরত নাবিকদের মধ্যে ৩ লাখ ২০ হাজারের বেশি ছিলেন ভারতীয়। ফলে এ খাতে সবচেয়ে বেশি নাবিক সরবরাহকারী দেশগুলোর একটি ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ হতে হবে।’
মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর আরব উপদ্বীপের অপর প্রান্তে ইরান হরমুজ প্রণালী অবরোধ করায় লোহিত সাগরের নৌপথের গুরুত্ব আরও বেড়েছে।
হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রাখা সম্ভব হয়েছে।