শিরোনাম

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সফরের দুই দিন আগে এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শেরিফের কার্যালয়।
আটক ব্যক্তির নাম জিনিন জন টেইলে। তার বয়স ৩৮ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার কাছের শহর ডাউনি এলাকার বাসিন্দা। রোববার বিকেলে র্যাঞ্চো পালোস ভার্দেসের ওই গলফ কোর্স থেকে তাকে আটক করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সাদা পোশাকের ফেডারেল এজেন্টরা ওই ব্যক্তিকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ছবি ও ভিডিও ধারণ করতে দেখেন। একই সঙ্গে তাকে নিরাপত্তা পরিকল্পনা-সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়।
মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প হেলিকপ্টারে করে ওই গলফ ক্লাবে পৌঁছান। সেখানে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির আয়োজিত একটি তহবিল সংগ্রহ নৈশভোজে অংশ নেন।
শেরিফের কার্যালয় জানায়, আটকের সময় সন্দেহভাজনের পকেট থেকে ১৬ রাউন্ড ধারণক্ষম একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনে বিশেষ ধরনের ‘হলো-পয়েন্ট’ গুলি ছিল।
পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গুলি ভর্তি পিস্তল এবং একই ধরনের গুলি থাকা আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এরপর শেরিফের তদন্তকারী দল ও এফবিআইয়ের সন্ত্রাসবিরোধী ইউনিট টেইলের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে একটি অ্যাসল্ট-ধরনের রাইফেল, একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, গুলি, দুটি রেডিও এবং ‘উদ্বেগজনক বক্তব্য লেখা একাধিক নোটবুক’ পাওয়া যায়।
মঙ্গলবার সকালে তদন্তকারীরা মামলার তথ্য উপস্থাপনের পর লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না।
সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।
২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। ওই ঘটনায় এক বন্দুকধারী এক দর্শককে হত্যা করে এবং তৎকালীন প্রার্থী ট্রাম্পের কানে হালকা আঘাত লাগে।
এর কয়েক মাস পর, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প যখন গলফ খেলছিলেন, সেই মাঠ থেকেও এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়।
এপ্রিল মাসে ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করা এক সশস্ত্র ব্যক্তিকে ঘিরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে গোলাগুলি হয়। পরে ট্রাম্পকে ওই অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার গলফ ক্লাব সফর গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি।
ধারণা করা হচ্ছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প সেখানে নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরবেন এবং রিপাবলিকান পার্টির নির্বাচনী তহবিল সংগ্রহে অংশ নেবেন। ওই নির্বাচনে দলটি মার্কিন কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে।
ক্যালিফোর্নিয়া দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে এ অঙ্গরাজ্যের অবস্থানের পার্থক্য থাকায় সেখানে তার সফর তুলনামূলকভাবে খুবই কম।
ট্রাম্পের আগমনের কয়েক ঘণ্টা আগে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পকে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে বিলম্বিত ফেডারেল অর্থ সহায়তা দ্রুত ছাড় করার আহ্বান জানান।
নিউসম বলেন, এ বিষয়টি রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি ট্রাম্পের রক্ষা করা উচিত।