বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১৯:২১

যুক্তরাষ্ট্রের স্পোকেনে দাবানলে পুড়ে ছাই কয়েক শত বাড়িঘর

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর স্পোকেনে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে রোববার ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা জানান, কয়েক শত বাড়িঘর ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের স্পোকেন শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত শহরটি এবং এর আশপাশে গত শনিবার তিনটি পৃথক দাবানল ছড়িয়ে পড়ে। 

এরপর শনি ও রোববার রাতে হাজারো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রবল বাতাস ও চরম শুষ্ক আবহাওয়ার কারণে ওই এলাকায় ‘অত্যন্ত বিপজ্জনক দাবানল পরিস্থিতি’ তৈরি হয়েছে বলে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস)।

রোববারের ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বহু বাড়িঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু ইটের তৈরি চিমনি ও ভিত্তি অবশিষ্ট রয়েছে। 

নিজ বাড়ি থেকে বাগদত্তা ও দুটি কুকুরকে নিয়ে নিরাপদে সরে যাওয়া স্পোকেনের বাসিন্দা জিওফ বিডলস এএফপিকে বলেন, এলাকার বাড়িগুলোর অবস্থা ঘুরে ঘুরে দেখেছি। জীবনে দেখা সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যগুলোর একটি এটি।

মেয়র লিসা ব্রাউন রোববার বিকেলের সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েক শত বাড়ি ও স্থাপনা বিলীন হয়ে গেছে। প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করে দেখছি।’

তিনি আরো বলেন, ‘যারা এখনো ক্ষয়ক্ষতি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা দীর্ঘমেয়াদে তাদের পাশে থাকব।’

রোববার আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং বাতাসের গতি কমেছে। তবে দাবানল এখনো এক শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

শেরিফ জন নাওয়েলস বলেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানি হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের মধ্যে এ ধরণের তদন্ত চালানোও অত্যন্ত কঠিন। পরিস্থিতির কারণে এ তথ্য পরিবর্তিত হতে পারে।

জরুরি অবস্থা ঘোষণা করা ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অঙ্গরাজ্যটি টানা চতুর্থ বছরের মতো খরার কবলে পড়েছে। এতে ভয়াবহ দাবানলের ঝুঁকি আরও বেড়েছে।

তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা পেতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প ‘পরিস্থিতির ভয়াবহতা’ উপলব্ধি করেছেন বলেও তিনি জানান।