বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৭:৪০

পাকিস্তানে খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : পাকিস্তানের উত্তরাঞ্চলে এ সপ্তাহে ভয়াবহ তুষারধসে প্রাণ হারানো খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে দলের আরও ৯ সদস্যের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। রোববার আলপাইন ক্লাব অব পাকিস্তান এ তথ্য জানায়।

ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘স্থলভিত্তিক উদ্ধারকারী দল প্রায় ৫ হাজার ৭০০ মিটার উচ্চতায় ব্রড পিকে নিমস দাই (পুরজা)-এর কাছে পৌঁছেছে। এটি ছিল তার প্রিয় একটি পর্বত। আর এই পর্বতই আজ তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।’

পাকিস্তানের স্কার্দু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পরে ক্লাবটির মহাসচিব এএফপিকে নিশ্চিত করেন, নির্মল পুরজার মরদেহের পাশাপাশি আরও ৩ জনের মরদেহও উদ্ধার করা হয়েছে।