শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানা প্রবল ঝড়ে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত দুইজনের প্রাণহানি হয়েছে। শনিবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি অঞ্চলে একাধিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতাও জারি করা হয়েছে । কয়েক সপ্তাহ আগেই একই ধরণের একটি ভয়াবহ ঝড়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমো পাভেজ জানান, দেশটির দক্ষিণাঞ্চলের লস রিওস অঞ্চলে একটি গাছ গাড়ির ওপর ভেঙে পড়লে তাতে থাকা দুইজন মারা যান।
জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সেবার তথ্য অনুযায়ী, প্রায় ৩৫০ জন আহত অথবা সম্পদের ক্ষতি হয়েছে। এছাড়া নদীর পানি উপচে পড়ায় মূলত দুই হাজারের বেশি মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়েছেন।
দুর্যোগ সংস্থাটি বন্যা এবং ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাসের আশঙ্কায় ১৩টি সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে।
মাউলে এবং লস লাগোস অঞ্চলের কয়েকটি পৌর এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।